Skip to main content

Brick Lane News

সব উপজেলা হাসপাতালে মিলবে সাপের অ্যান্টিভেনম

সব উপজেলা হাসপাতালে মিলবে সাপের অ্যান্টিভেনম

বর্ষা মৌসুমে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে দেশের সব জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন সাপেকাটা রোগীরা উপজেলা পর্যায়েই বিনামূল্যে এই ইনজেকশন পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর মো. হালিমুর রশীদ জানান, বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে সারাদেশে অ্যান্টিভেনম পাঠানো হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের চিকিৎসকদের সাপের কামড়ের বৈজ্ঞানিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

ডিমলা, সিলেট ও রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। তারা সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে ওঝা বা কবিরাজের কাছে না নিয়ে দ্রুত নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ৪ লাখের বেশি মানুষ সাপের কামড়ের শিকার হন এবং কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। আক্রান্তদের বেশিরভাগই গ্রামীণ এলাকার বাসিন্দা।