Skip to main content

Brick Lane News

গভীর সমুদ্রে বিকল বোট, ১৩ জেলেকে জীবিত উদ্ধার করল

গভীর সমুদ্রে বিকল বোট, ১৩ জেলেকে জীবিত উদ্ধার করল

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন উপকূলের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ বিষয়টি নিশ্চিত করেছেন। সেখান থেকে ১৩ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের তথ্যমতে, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের ফিশিং বোটটি টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করেছিল। মাছ ধরা শেষে ২৮ সেপ্টেম্বর বিকেলে ফেরার পথে সেন্টমার্টিনের দক্ষিণ দিকে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। উপায়ান্তর না দেখে বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সহায়তা নম্বর ১৬১১১-এ ফোন করে সাহায্য কামনা করেন। খবর পাওয়ার পরপরই সাগরে টহলরত কোস্ট গার্ডের জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযানে নামে।

সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বোটটি শনাক্ত করার পর জেলেদের নিরাপদে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।