Skip to main content

Brick Lane News

নুসরাতের বাড়িতে আগুন, পেট্রোল বোমার অস্তিত্ব নেই

নুসরাতের বাড়িতে আগুন, পেট্রোল বোমার অস্তিত্ব নেই

ব্রিকলেন নিউজ, লন্ডন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ উঠলেও পুলিশ ঘটনাস্থলে এর কোনো আলামত পায়নি। তবে আগুনের প্রকৃত কারণ উদঘাটনে বর্তমানে তদন্ত চলছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে উপজেলার বাগোয়ান মধ্যপাড়া এলাকায় নুসরাত তাবাসসুমের দাদার তৈরি পুরোনো বাড়িতে আগুন লাগে। এতে দুটি ছাগল পুড়ে মারা গেছে। তবে অন্য গবাদিপশু ও বাড়ির তত্ত্বাবধায়ককে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদুর রহমান বৃহস্পতিবার সকালে বিবিসি বাংলাকে বলেন, রাতেই নুসরাত তাবাসসুম ফোন করে বাড়িতে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশের টহল দল ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সারারাত ঘটনাস্থলে অবস্থান করেছে।

ওসি বলেন, এখন পর্যন্ত পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের ঘটনায় কাচের বোতল বা সংশ্লিষ্ট আলামত পাওয়া যেতে পারে। কিন্তু ঘটনাস্থলে তেমন কিছু পাওয়া যায়নি। আগুনের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হচ্ছে। তবে এখনো কোনো সংস্থা চূড়ান্ত মতামত দেয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

এর আগে বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ তিনি আরও লেখেন, এভাবে কণ্ঠরোধ করা যাবে মনে করলে তা ভুল হবে। আগুনের পথ পাড়ি দিয়েও নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়ার কথা জানায়নি পুলিশ।

পুলিশ জানায়, আগুন লাগা বাড়িটি নুসরাতের দাদার তৈরি পুরোনো বাড়ি। সেখানে কেউ বসবাস করেন না। বাড়িটি মূলত গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। আটটি কক্ষের ওই বাড়িতে পুরোনো আসবাবপত্র, পশুখাদ্য, হাঁস-মুরগি, গরু ও ছাগল রাখা হতো। খড়কুটাসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়িটিতে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না। তবে ওই বাড়ি থেকে প্রায় ২০ মিনিটের দূরত্বে নুসরাতদের তিনতলা বাড়ি রয়েছে, যেখানে তাঁর মা-বাবা থাকেন। সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে।

২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন নুসরাত তাবাসসুম। ওই সময় আন্দোলনের কয়েকজন সমন্বয়কের সঙ্গে তাঁকেও ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হন এবং জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। চলতি বছর জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।