কাতারে একটি নির্মাণ প্রকল্পের কাজ অসম্পূর্ণ রাখা এবং চুক্তিভঙ্গের অভিযোগে অভিযুক্ত এক কোম্পানি ও দুই ব্যক্তির আপিল আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির ক্যাসেশন কোর্ট। আল শার্ক পত্রিকার তথ্যানুযায়ী, আদালত আগের রায় বহাল রেখে অভিযুক্তদের ক্ষতিগ্রস্ত কোম্পানিকে মোট ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল ফেরত দেওয়ার চূড়ান্ত নির্দেশ প্রদান করেছেন। এর মধ্যে অগ্রিম পরিশোধিত ১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ১ লাখ রিয়াল অন্তর্ভুক্ত রয়েছে।
ঘটনার সূত্রপাতে দেখা যায়, ৫৫ লাখ রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি সম্পাদিত হয়েছিল। বাদীপক্ষ চুক্তির শর্তানুযায়ী তাদের সব আর্থিক বাধ্যবাধকতা নিয়মিত সম্পন্ন করলেও অভিযুক্ত কোম্পানি নির্ধারিত মান ও সময়সীমা বজায় রাখতে ব্যর্থ হয়। এক পর্যায়ে তারা নির্মাণকাজ মাঝপথে বন্ধ করে দিলে বাদী কোম্পানি ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা দায়ের করে। মামলার নথিতে একজন বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রতিবেদন অনুযায়ী, অসম্পূর্ণ কাজের মূল্য হিসেবে ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল দাবি করা হয়। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল। কিন্তু চুক্তিভুক্ত দ্বিতীয় কোম্পানিটি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় এবং মাঝপথে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
মামলাটি পর্যালোচনার সময় আদালত নিশ্চিত হন যে, বাদীপক্ষ সব শর্ত পূরণ করলেও অভিযুক্ত পক্ষ চুক্তির ধারাগুলো লঙ্ঘন করেছে। শুরুতে প্রথম ইন্সট্যান্স আদালত ক্ষতিগ্রস্ত কোম্পানিকে উক্ত অর্থ প্রদানের রায় দেন। পরবর্তীতে আপিল আদালতে ওই রায় বহাল থাকায়, ক্যাসেশন কোর্ট অভিযুক্তদের আবেদন খারিজের মাধ্যমে মামলার চূড়ান্ত নিষ্পত্তি করেন। এই রায় নির্মাণ সংক্রান্ত ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে দায়বদ্ধতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।