স্মল হিথকে খাবার ও সংস্কৃতির আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে কারি ফেস্টিভ্যালের উদ্যোগ
বার্মিংহামে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে স্মল হিথ কারি ফেস্টিভ্যাল ২০২৬, যুক্ত হচ্ছে স্থানীয় রেস্টুরেন্ট ও কমিউনিটি সংগঠন
যুক্তরাজ্যের বার্মিংহামের স্মল হিথ এলাকাকে খাবার, সংস্কৃতি ও কমিউনিটি পর্যটনের আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত করে তুলতে আয়োজন করা হচ্ছে ‘স্মল হিথ কারি ফেস্টিভ্যাল ২০২৬’। স্থানীয় রেস্টুরেন্টগুলোর পরিচিতি বৃদ্ধি, নতুন ক্রেতা ও দর্শনার্থী আকৃষ্ট করা এবং এলাকার সমৃদ্ধ খাদ্যসংস্কৃতিকে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য।
পূর্বানাট সিআইসি (Purbanat CIC) এবং CAASH পার্টনারশিপের উদ্যোগে আয়োজিত এই উৎসবের কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরতে ১৫ নভেম্বর রবিবার পূর্বানাট স্টুডিওতে একটি কমিউনিটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রেস্টুরেন্ট মালিক, কমিউনিটি প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্মল হিথ দীর্ঘদিন ধরে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় খাবারসহ বিভিন্ন দেশের বৈচিত্র্যময় খাদ্যসংস্কৃতির জন্য পরিচিত। এখানকার রেস্টুরেন্ট, ক্যাফে, মিষ্টির দোকান ও খাবারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এলাকার অর্থনীতি এবং সাংস্কৃতিক পরিচিতির গুরুত্বপূর্ণ অংশ। তবে এই সম্ভাবনাকে বৃহত্তর পরিসরে তুলে ধরার যথেষ্ট সুযোগ রয়েছে।
আয়োজকরা মনে করেন, স্থানীয় রেস্টুরেন্টগুলো বিচ্ছিন্নভাবে প্রচারের পরিবর্তে সম্মিলিতভাবে কাজ করলে স্মল হিথকে বার্মিংহামসহ যুক্তরাজ্যের অন্যান্য এলাকার মানুষের কাছে একটি সুপরিচিত খাবারের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।
পূর্বানাট সিআইসি একটি বার্মিংহামভিত্তিক কমিউনিটি আর্টস সংগঠন, যা ২০১৪ সাল থেকে বিভিন্ন কমিউনিটির মানুষের সঙ্গে কাজ করছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং মূলধারার শিল্প-সংস্কৃতির কর্মকাণ্ডে তুলনামূলকভাবে কম সুযোগ পাওয়া মানুষের সৃজনশীল বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে প্রতিষ্ঠানটি Queen’s Award for Voluntary Service অর্জন করে।
স্মল হিথ কারি ফেস্টিভ্যাল বৃহত্তর CAASH (Cultural Action Area of Small Heath) কর্মসূচির অংশ। এটি বার্মিংহাম সিটি কাউন্সিলের Cultural Action Area Programme-এর আওতায় Cultural Development Team-এর সহযোগিতায় এবং Enterprise Zone-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় সংগঠন, ব্যবসাপ্রতিষ্ঠান, কমিউনিটি গ্রুপ, সাংস্কৃতিক কর্মী ও অন্যান্য অংশীজনকে একত্রিত করে স্মল হিথের একটি শক্তিশালী সাংস্কৃতিক পরিচিতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
উৎসবের কর্মসূচি
আয়োজকদের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত পূর্বানাট স্টুডিও থেকে আলম রেস্টুরেন্ট পর্যন্ত একটি কমিউনিটি লণ্ঠন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রার মাধ্যমে স্মল হিথের রাস্তায় উৎসবের আমেজ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হবে।
একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ৩৫৬ কভেন্ট্রি রোডের আলম রেস্টুরেন্টে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত অতিথি, স্থানীয় রেস্টুরেন্ট মালিক, কমিউনিটি নেতা ও বিভিন্ন অংশীজন উপস্থিত থাকবেন।
এ ছাড়া ৬ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত উৎসবের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের স্থান পরবর্তী সময়ে জানানো হবে।
স্থানীয় রেস্টুরেন্ট মালিকদের প্রতি আহ্বান
সংবাদ সম্মেলনে স্মল হিথ এলাকার সব কারি রেস্টুরেন্ট মালিককে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগে অংশ নিতে আগে থেকে CAASH বা পূর্বানাটের পার্টনার হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। এলাকার নতুন ও পুরোনো সব রেস্টুরেন্টের জন্য অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত।
তারা বলেন, স্থানীয় রেস্টুরেন্টগুলোই এই উৎসবের মূল কেন্দ্রবিন্দু। সম্মিলিত প্রচারণার মাধ্যমে রেস্টুরেন্টগুলোর পরিচিতি বৃদ্ধি, নতুন ক্রেতা আকৃষ্ট এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
আয়োজকদের মতে, সংস্কৃতি শুধু কমিউনিটির মধ্যে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলে না, বরং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বার্ষিক উৎসবে রূপ দেওয়ার প্রত্যাশা
আয়োজকরা আশা প্রকাশ করেন, স্মল হিথ কারি ফেস্টিভ্যাল ভবিষ্যতে আরও বড় পরিসরে বিস্তৃত হবে এবং একটি নিয়মিত বার্ষিক আয়োজনে পরিণত হবে। এর মাধ্যমে আরও বেশি দর্শনার্থী স্মল হিথে আসবেন, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো উপকৃত হবে এবং এলাকার খাদ্য ও সাংস্কৃতিক পরিচিতি আন্তর্জাতিক পরিসরেও তুলে ধরার সুযোগ তৈরি হবে।
উৎসব সফল করতে বার্মিংহাম সিটি কাউন্সিলের Cultural Development Team, CAASH Programme, কনসোর্টিয়াম পার্টনার, স্থানীয় রেস্টুরেন্ট, কমিউনিটি সংগঠন, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
তাদের প্রত্যাশা, স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত অংশগ্রহণে স্মল হিথ কারি ফেস্টিভ্যাল শুধু একটি খাবারের উৎসবেই সীমাবদ্ধ থাকবে না, বরং এলাকার ঐতিহ্য, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও কমিউনিটির সম্মিলিত পরিচিতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।