Skip to main content

Brick Lane News

পশ্চিমা গণমাধ্যম যুদ্ধের বয়ান নিয়ে পক্ষপাতদুষ্ট: জবিতে ইরানি রাষ্ট্রদূত

পশ্চিমা গণমাধ্যম যুদ্ধের বয়ান নিয়ে পক্ষপাতদুষ্ট: জবিতে ইরানি রাষ্ট্রদূত

পশ্চিমা বিশ্বের মূলধারার গণমাধ্যমগুলো পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের ঘটনাপ্রবাহকে অত্যন্ত অন্যায় ও পক্ষপাতদুষ্টভাবে উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী। তিনি অভিযোগ করেন, গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত ও বাস্তুচ্যুত মানুষদের তারা সন্ত্রাসী হিসেবে চিত্রিত করছে, অন্যদিকে হাজার হাজার মানুষ হত্যাকারী ইসরায়েলিদের গণতন্ত্র ও স্বাধীনতার রক্ষক হিসেবে তুলে ধরছে। পশ্চিমাদের এই যুদ্ধকৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ‘মিডিয়া যুদ্ধ’।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব গণমাধ্যম: নৈতিক জবাবদিহি ও আত্মসমালোচনা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত জাহানাবাদী বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধক্ষেত্রে যেসব কর্মকাণ্ড চালাচ্ছে, পশ্চিমা গণমাধ্যমের একটি বড় অংশ তা আড়াল করে উল্টো যৌক্তিকতা দেখানোর চেষ্টা করছে।

তিনি স্বাধীন গণমাধ্যমের দায়িত্ব নিয়ে বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে সত্য ও বস্তুনিষ্ঠ ন্যায়বিচারের ঘটনাগুলো তুলে ধরাই তাদের মূল কাজ। কোনো পক্ষের হয়ে কাজ না করে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি ও সত্যের পক্ষে থাকার জন্য তিনি বিশ্ব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। বিশেষ করে হাসপাতাল, বিদ্যালয়, নারী ও শিশুদের ওপর আক্রমণ বৈধ কি না—সেই প্রশ্নগুলো গণমাধ্যমের সামনে আসা উচিত বলেও তিনি মনে করেন।

ইরানে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো যুদ্ধাপরাধ স্বচক্ষে দেখার আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত গভীর। তিনি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে এই পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. নিসতার জাহান কবীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে. সিমনস। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্‌দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এছাড়া সেমিনারে আলোচক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ ইহসানুল কবীর অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এই সেমিনারে উপস্থিত ছিলেন।