Skip to main content

Brick Lane News

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি; বিলম্বিত হল ফ্লাইট

প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি; বিলম্বিত হল ফ্লাইট

ব্রিকলেন নিউজ, লন্ডন: জাপান থেকে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়েছে। টোকিও ছাড়ার পর এই কারিগরি ত্রুটির সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় এ সমস্যা দেখা দেয় বলে জানিয়েছে ইউএনবি।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে এগিয়ে যায়। তবে উড্ডয়নের আগে রানওয়েতেই সেটি থেমে যায়। প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা করেন, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না।

পাইলট জানান, ত্রুটি শনাক্ত ও সমাধানে দুই প্রকৌশলী কাজ করছেন। সমস্যা সমাধান হলে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে। পরে উড়োজাহাজটি রানওয়ে থেকে ফিরিয়ে টারমাকে নেওয়া হয়।

উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যরা রয়েছেন।

জাপানে চার দিনের সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিও থেকে ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল ফ্লাইটটির।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর জাপান সফরে যান তারেক রহমান।