Skip to main content

Brick Lane News

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত

ব্রিকলেন নিউজ, লন্ডন: দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীসহ মোট সাতজন নিহত হয়েছেন। নর্দার্ন কেপ প্রদেশে মো. রুবেল নামের এক বাংলাদেশি এবং পূর্ব কেপ প্রদেশে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে ছয় নারী প্রাণ হারিয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরের পর নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকের একটি মহাসড়কে দুর্ঘটনার শিকার হন রুবেল। স্থানীয় প্রবাসী মেহেদি হাসান জানান, দোকানের মালামাল কিনে ফেরার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় গাড়িতে থাকা আরও এক বাংলাদেশি আহত হন। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। জীবিকার সন্ধানে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তিনি। সেখানে ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে কাজ করতেন।

স্থানীয় প্রবাসী নাসির উদ্দিন জানান, দোকানের মালিক দেশে চলে যাওয়ায় রুবেল নতুন করে গাড়ি চালানো শিখেছিলেন। শনিবার দোকানের জন্য মালামাল কিনে ফেরার সময় মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।

রুবেলের মৃত্যুতে দেশে থাকা পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও ছোট ভাই দেশে রয়েছেন। ফুফাতো ভাই আমির হোসেন ছুটি শেষে দক্ষিণ আফ্রিকায় ফিরে এলে দেশে যাওয়ার পরিকল্পনা ছিল রুবেলের। তবে সেই অপেক্ষার অবসান হলো না। জীবিকার সন্ধানে বিদেশে যাওয়া রুবেলকে দেশে ফিরতে হবে নিথর দেহে।

এদিকে, একই দিন সকালে পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের বাইরে আর-৬১ সড়কে ট্রাক ও একটি মিনিবাস ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ছয় নারী নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইএনসিএ ও এসএবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, মিনিবাস ট্যাক্সিটি পশ্চিম কেপের বিউফোর্ট ওয়েস্ট থেকে পূর্ব কেপের দিকে যাচ্ছিল। এতে ১৬ জন যাত্রী ছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে একটি কিয়া রিও গাড়ির একজন আরোহীও আহত হন।

পূর্ব কেপ প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে জানিয়েছেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। চালকের ক্লান্তি সম্ভাব্য কারণগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে মামলা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে।