Skip to main content

Brick Lane News

জেলেদের রোষানলে বিএনপির এমপি

জেলেদের রোষানলে বিএনপির এমপি

ব্রিকলেন নিউজ, লন্ডন: শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাধা দিয়ে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ৩৬ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে পালেরচর এলাকায় পদ্মা নদীতে সংঘটিত এ অভিযানে প্রায় দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

হামলার শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান এবং জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় জেলেদের সঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শতাধিক জেলে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে জেলেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে ৩৬ জনকে আটক করা হয়। এ সময় এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হলে যৌথ বাহিনী তাঁকে উদ্ধার করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, তাঁরা পদ্মা নদীতে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কঠোরভাবে প্রতিহত করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, অভিযানে গেলে গ্রেপ্তারের আশঙ্কায় জেলেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অভিযান জোরদার করে ৩৬ জনকে আটক করা হয়।

সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম বলেন, ঘটনাটিকে তিনি ব্যক্তিগত হামলা হিসেবে দেখছেন না। সরকারি অভিযান প্রতিহত করতে গিয়েই জেলেরা ক্ষোভ প্রকাশ করেছেন বলে তিনি মনে করেন।