ব্রিকলেন নিউজ, লন্ডন: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি খাতের বিপর্যয়ের অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে এই দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তা না করে তিনি এখন সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত আছেন। কাজেই আমরা মনে করি, তিনি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না।’
জ্বালানি খাতের পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘জ্বালানি খাতে যে বিপর্যয় এসেছে, জ্বালানিমন্ত্রী এর দায় এড়াতে পারেন না।’
সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন বিএনপির ভূমিকারও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করতে চায়।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ মেনে নেওয়া হবে না। এ ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।