মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ ও প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একাডেমিতে পৌঁছানোর পর ১৫০ জন শিশু তাকে স্বাগত জানায়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়, যেখানে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আজকের আয়োজনে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের স্মারক উপহার প্রদান ও ‘শৈশব’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করার কথা রয়েছে। একইসঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের নানা প্রান্তের শিশুদের সঙ্গে আলাপচারিতায় যুক্ত হবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে গিয়ে এর নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করবেন। এছাড়া শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন তিনি।