ব্রিকলেন নিউজ, লন্ডন: দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে তীব্র আতঙ্কে রাজধানীসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মধ্য পেরুর আন্দিজ পর্বতাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল আন্দিজ অঞ্চলের জুনিন শহর থেকে ৩৪ কিলোমিটার (২১ মাইল) উত্তরে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৮ কিলোমিটার (৬৭ মাইল) গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উৎপত্তিস্থলের কাছাকাছি কারুয়ামায়ো শহরের মেয়র আবদেল ভেগাও স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, শহরটিতে কোনো প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর নেই।
ভূমিকম্পটি পেরুর রাজধানীতেও অনুভূত হয়। এ সময় আতঙ্কিত বাসিন্দারা নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে রাস্তায় অবস্থান নেন।
পেরু প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাকে ঘিরে বিস্তৃত প্রায় ৪০ হাজার কিলোমিটার (২৫ হাজার মাইল) দীর্ঘ আগ্নেয়গিরি ও ভূ-চ্যুতি রেখার বলয় ‘রিং অব ফায়ার’-এর মধ্যে অবস্থিত। বিশ্বের অধিকাংশ ভূমিকম্প এই বলয়েই সংঘটিত হয়।
এর আগে গত আগস্টে পেরুর আন্দিজ অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্পে দুজন আহত হন। ওই ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর, স্বাস্থ্যকেন্দ্র ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে জুনিন অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ছয়জন নিহত এবং ৩০ জন আহত হন।