Skip to main content

Brick Lane News

এবার নগদ  ১৩৩ কোটি টাকা মিললো পাগলা মসজিদের দান বাক্সে

এবার নগদ ১৩৩ কোটি টাকা মিললো পাগলা মসজিদের দান বাক্সে

ব্রিকলেন নিউজ, লন্ডন: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে মোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা হয়েছে। এর বাইরে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দান হিসেবে আরও জমা পড়েছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পাগলা মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন এ তথ্য জানান।

এর আগে সকাল ৭টায় চার মাস ২৪ দিন পর মসজিদের দানবাক্স খোলা হয়। এ সময় ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্যাংক খুলে ১৫ বস্তা টাকা পাওয়া যায়।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৭ জুন সর্বশেষ দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা।

দানবাক্সে পাওয়া অর্থ গণনা শেষে ব্যাংকে জমা দেওয়া হয়। অন্যদিকে, স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।

জেলা প্রশাসক জানান, সর্বশেষ গত ১২ অক্টোবর সিলগালা খোলার পর গণনা করে প্রায় ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে।

তিনি আরও জানান, আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি পাগলা মসজিদের নামে কেনা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।

মসজিদের তহবিল থেকে মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করা হয়। এ ছাড়া মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় করা হয়। জমাকৃত অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জের দরিদ্র রোগীদের চিকিৎসার জন্যও অনুদান দেওয়া হয়। মসজিদ পরিচালিত মাদরাসা থেকে এ পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।

শনিবার দানবাক্স খোলা ও টাকা গণনার কাজে জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ জন, পাগলা মসজিদ মাদরাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী অংশ নেন। সার্বিক নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা দায়িত্ব পালন করেন।