Skip to main content

Brick Lane News

সাংবাদিকদের সুরক্ষায় রাজধানীতে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের সুরক্ষায় রাজধানীতে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

ব্রিকলেন নিউজ, লন্ডন: ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময়কার হামলা, হুমকি ও হয়রানি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া এতে সংবাদকর্মীদের চিকিৎসা, আইনি এবং মানসিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বুধবার ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ নভেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারের তৌফিক আজিজ খান সেমিনার হলে এ কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা ‘ব্রেকিং দ্য সাইলেন্স’।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের নেতৃত্বে বাস্তবায়নাধীন ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকীয়, প্রশাসনিক ও সেফগার্ডিং বিভাগের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।

কর্মশালায় সাংবাদিকদের নিরাপত্তাঝুঁকি মোকাবিলা, অভিযোগ গ্রহণ এবং বিপদগ্রস্ত গণমাধ্যমকর্মীদের দ্রুত সহায়তা দেওয়ার বিদ্যমান নীতিমালা ও ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়। পাশাপাশি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সহজ ও কার্যকর করতে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ নেওয়া হয়।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেমোক্রেসির (সিআরডি) এক গবেষণার আলোকে আয়োজিত কর্মশালায় বাস্তব ঘটনা পর্যালোচনার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়। এ সময় বিপদগ্রস্ত সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা, তাঁর সম্মতি নেওয়া এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানে একজন ‘সেফগার্ডিং ফোকাল পারসন’ এবং তাঁর বিকল্প দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারণের সুপারিশ করা হয়।

আয়োজকরা জানান, কর্মশালার পরবর্তী ধাপে অংশগ্রহণকারী গণমাধ্যম প্রতিষ্ঠান ও প্রকল্পের অংশীদারদের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে। এর মাধ্যমে রেফারেল ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হবে। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় নিজস্ব নীতিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।