ব্রিকলেন নিউজ, লন্ডন: ২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালিত নির্যাতনের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একই সঙ্গে তিনি প্রত্যাবাসনের পূর্বে রোহিঙ্গাদের পূর্ণ নিরাপত্তা, নাগরিকত্ব এবং মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় ও তাদের দাবির প্রতি সংহতি জানাতে ক্যাম্পে যান তিনি।
সমাবেশে রোহিঙ্গাদের উদ্দেশে খলিলুর রহমান বলেন, দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের পক্ষে কথা বলেছে এবং ২০১৭ সালে তাদের ওপর ঘটে যাওয়া নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। আইসিজের এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির বিচার পাওয়ার পথে একটি মাইলফলক। হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িতদের তদন্তের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বহু প্রজন্ম ধরে দেশটির সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। তাদের পরিচয় ও অধিকার অস্বীকার করে সংকটের সমাধান সম্ভব নয়। প্রত্যাবাসনের শর্ত তুলে ধরে তিনি জানান, ফিরে যাওয়ার ক্ষেত্রে তাদের পূর্ণ নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে মিয়ানমারের আইন ও প্রতিষ্ঠানের সংস্কার এবং নিরাপত্তা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে রোহিঙ্গাদের ন্যায়বিচারের লড়াইয়ে পাশে থাকার জন্য গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্র, আইসিজের বিচারক ও জাতিসংঘের তদন্তকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খলিলুর রহমান। এ ছাড়া বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশ সরকার যে মানবিকতার পরিচয় দিয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন তিনি। তবে এই সংকটের বোঝা একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয় উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
আইসিজের রায়কে কেবল স্বীকৃতিতে সীমাবদ্ধ না রেখে সংকট সমাধানের কার্যকর পদক্ষেপে রূপ দেওয়ার তাগিদ দিয়ে খলিলুর রহমান আশা প্রকাশ করেন, ১৯ নভেম্বর ২০২৬ তারিখটি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার পথচলার সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
এদিকে আইসিজের রায়কে ঘিরে সমাবেশে উপস্থিত রোহিঙ্গাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত অপরাধীদের বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির দাবি জানান। সকাল ৯টায় শুরু হওয়া এই সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন খলিলুর রহমান।