ব্রিকলেন নিউজ, লন্ডন: নেদারল্যান্ডসের হেগে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণার দিন ঢাকায় শুরু হয়েছে নজিরবিহীন কূটনৈতিক তৎপরতা। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন পাঁচটি প্রভাবশালী দেশ ও জোটের শীর্ষ কূটনীতিকেরা।
আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ গতিপ্রকৃতি নির্ধারণের এই গুরুত্বপূর্ণ দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের এই ধারাবাহিক যাতায়াত বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া আরেকটু ইস্যুর কথাও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট বিমানঘাঁটি সফরকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও চীনের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত সূচি
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দপ্তরে পৃথকভাবে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। এরপর পর্যায়ক্রমে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। সবশেষ দুপুর ২টার দিকে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আসেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৈঠক শেষে যা জানালেন কূটনীতিকেরা
বৈঠকগুলো আনুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখানো হলেও এর পেছনে আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ সমীকরণ রয়েছে।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দীর্ঘমেয়াদি রোহিঙ্গা সংকট সমাধানের বিভিন্ন দিক নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বৈঠক শেষে জানান, যুক্তরাষ্ট্রের আসন্ন ‘থ্যাংকসগিভিং ডে’ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেই তিনি এসেছিলেন। তবে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও দ্বিপক্ষীয় সুসম্পর্কের বিষয়েও তাদের মধ্যে সংক্ষিপ্ত কথা হয়।
ভারত, ইউরোপীয় ইউনিয়ন এবং চীনের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে হওয়া বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্য বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দূতাবাসগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, একই দিনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতো বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রতিনিধিদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইসিজের রায়ের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে পর্দার আড়ালে বড় ধরনের কূটনৈতিক সমন্বয় চলছে বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে বিমানঘাঁটি পরিদর্শন এবং আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে প্রভাবশালী রাষ্ট্রের দূতদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিশ্লেষকরা কূটনৈতিক ঝড় হিসেবেই দেখছেন।