গণতন্ত্রকে সুসংহত এবং গ্রহণযোগ্য করে তুলতে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কেবল নারী ভোটার সংখ্যা বৃদ্ধি করাই লক্ষ্য হওয়া উচিত নয়, বরং নারীদের সার্বিক ক্ষমতায়ন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলোতে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে অপর কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, কেবল আইনি বাধ্যবাধকতা দিয়ে সমতা প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তন।
নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ পাঁচতারকা হোটেলে বসে পরিকল্পনা না করে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নারীর সমতা নিশ্চিত করতে সরাসরি তৃণমূল থেকে কাজ করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে অংশগ্রহণমূলক করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি জানান, নারী ভোটারের অনুপাতে নারী প্রার্থীর সংখ্যা এখনো খুবই কম, যা বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন পুনরায় বলেন, দেশের সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী ও বিশ্বাসযোগ্য রূপ দিতে রাষ্ট্র পরিচালনাসহ নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার কোনো বিকল্প নেই।