আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, এবারের স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো সরাসরি কোনো অংশগ্রহণ করবে না। সম্পূর্ণ ব্যক্তিভিত্তিক এই নির্বাচনে প্রার্থীরা তাদের নিজস্ব স্বকীয়তা ও যোগ্যতা দিয়ে লড়বেন।
আওয়ামী লীগ শাসনামলের নির্বাচন পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, তখন স্থানীয় সরকারের শীর্ষ পদগুলোতে দলীয় প্রতীকে নির্বাচন হতো। তবে আসন্ন ভোট প্রক্রিয়ায় সেই ধারার পরিবর্তন আনা হচ্ছে। প্রার্থীরা এখন দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। জাহেদ উর রহমান আরও বলেন, নির্বাচনে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার সুযোগ থাকায় তা অংশগ্রহণমূলক হতে বাধ্য। অতীতের মতো এবারও একটি সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।