Skip to main content

Brick Lane News

স্কটল্যান্ডের পথেঘাটে এবার বোরকার জয়জয়কার

স্কটল্যান্ডের পথেঘাটে এবার বোরকার জয়জয়কার

ব্রিকলেন নিউজ, লন্ডন: স্কটল্যান্ডের পার্লামেন্টে জনসমাগমস্থলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার একটি প্রস্তাব বিপুল ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। রিফর্ম ইউকের এমএসপি হেলেন ম্যাকডেডের উত্থাপিত এই প্রস্তাবের বিপক্ষে ৯২ জন এবং পক্ষে মাত্র ১৫ জন সদস্য ভোট দেন।

প্রস্তাবে বলা হয়েছিল, জনসমাগমস্থলে বোরকা ও নিকাবসহ মুখ সম্পূর্ণ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করা হলে জননিরাপত্তা, ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক সংহতি আরও উন্নত হতে পারে।

তবে প্রস্তাবটি নিয়ে তীব্র বিরোধিতা দেখা দেয়। বোরকা নিষিদ্ধের এই উদ্যোগকে মুসলিম নারীদের ওপর আক্রমণ এবং জাতিগত বিদ্বেষ উসকে দেওয়ার প্রচেষ্টা বলে সমালোচনা করেন বিরোধীরা।

এর বিপরীতে স্কটিশ সরকারের আনা একটি সংশোধনীতে বলা হয়, নারীরা কী পোশাক পরবেন, সে বিষয়ে আইন প্রণয়ন করা পার্লামেন্টের কাজ নয়। পাশাপাশি স্কটল্যান্ডের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করে, এমন বক্তব্য ও কর্মকাণ্ডের বিরোধিতা করার ক্ষেত্রে পার্লামেন্ট সদস্যদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত।

পার্লামেন্টে ৯২-১৫ ভোটে সংশোধনীটি পাস হয়। আটজন সদস্য ভোটদানে বিরত থাকেন।

এর ফলে জনসমাগমস্থলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার প্রস্তাবটি কার্যত প্রত্যাখ্যাত হলো। স্কটল্যান্ডে নারীদের পোশাক নির্বাচনের স্বাধীনতা এবং ধর্মীয় পোশাক নিয়ে বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।