রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের প্রতি শুভকামনা জানিয়ে অলি আহমদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
মির্জা ফখরুলের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘তার সঙ্গে একই সঙ্গে অনেক দিন কাজ করেছি। আপনার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করি।’
রাষ্ট্রপতি নির্বাচনে তাকে সমর্থন দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান অলি আহমদ। তিনি বলেন, যারা তাকে সমর্থন করেছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞ।
জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে গণনা করে ফল ঘোষণা করার কথা রয়েছে।