Skip to main content

Brick Lane News

বেরোবির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার

বেরোবির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।

কলিমুল্লাহকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাজধানীর কাফরুল থানায় দায়ের করা তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম। শুনানি শেষে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাত ৮টার দিকে কাফরুলের বিজয় রাকিন সিটির সামনে মিছিল-সমাবেশ করছিল ছাত্র-জনতা। সেখানে গুলিবিদ্ধ হন তরিকুল ইসলাম রুবেল। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ২০২৫ সালের ৫ মার্চ কাফরুল থানায় হত্যা মামলা দায়ের হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী সংসদ সদস্যসহ ৪৭ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, মামলাটি একটি বৈষম্যবিরোধী রাজনৈতিক চাঞ্চল্যকর হত্যা মামলা। মামলার তদন্তকালে তদন্তে আসামি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ঘটনার সহিত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। আসামির নাম-ঠিকানা যাচাই প্রক্রিয়াধীন। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে উক্ত আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ আগস্ট নাজমুল আহসান কলিমুল্লাহকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।