Skip to main content

Brick Lane News

আগাম জামিন পেলেন সাতক্ষীরার এমপি গাজী নজরুল

আগাম জামিন পেলেন সাতক্ষীরার এমপি গাজী নজরুল

গোপন ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

সোমবার (১০ আগস্ট) হাইকোর্ট থেকে তিনি এ জামিন নেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অনৈতিক সম্পর্ক ও গোপন ভিডিও নিয়ে বিরোধের জেরে রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়। মামলার বাদী ওবায়দুল রহমান গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ছিলেন।

এজাহারে ওবায়দুল অভিযোগ করেন, তার ভাগ্নির সঙ্গে গাজী নজরুল ইসলামের অনৈতিক সম্পর্ক তৈরি হলে তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান এবং সংসদ সদস্যকে এ ধরনের সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

পরে একটি চক্র গোপন ভিডিও ব্যবহার করে গাজী নজরুল ইসলামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সংসদ সদস্যের সন্দেহ হয়, তার গাড়িচালক ওবায়দুল ওই ভিডিও চক্র ও গণমাধ্যমের কাছে সরবরাহ করেছেন।

এ বিরোধের জেরে গত ১৪ জুলাই রাজধানীর পল্লবীর কালশী এলাকার একটি বাসায় ওবায়দুলকে লাঠি দিয়ে মারধর এবং একপর্যায়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে তিনি কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।

মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন; গাজী নজরুল ইসলাম (৭৪), আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

মামলার আসামি আমিনুর রহমানকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গত ২২ জুলাই তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত জামিনের আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। আগামী ২৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।