ব্রিকলেন নিউজ, লন্ডন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি আরও বলেন, এর মাধ্যমে বর্তমান সরকার জনগণের মূল প্রত্যাশার সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের পাশে ১১ দলীয় জোট আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জোটের সাত দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গণভোটের গণরায় বাস্তবায়ন। জনগণ ভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত দিয়েছে, সরকার তা মানছে না। এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল। জনগণের অধিকার ও প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সরকার বেশিদিন টিকে থাকতে পারে না।
তিনি আরও বলেন, জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে এবং গণতান্ত্রিক অধিকার ও জনরায়ের প্রতি সম্মান দেখাতে হবে। অন্যথায় সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
শরীয়তপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
বক্তারা জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার না হলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পথসভা শেষে জোটের নেতারা খুলনার উদ্দেশে রওনা হন।