Skip to main content

Brick Lane News

গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট

গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ফলাফল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ।

তিনি জানান, ১২ ফেব্রুয়ারির গণভোট আয়োজনের বৈধতা প্রশ্নবিদ্ধ করে এবং ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলের গেজেট স্থগিত ও বাতিল চেয়ে এ রিট করা হয়েছে।

আবেদনকারী জানান, বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি হতে পারে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট পড়ে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। ফলে ‘না’-এর তুলনায় দ্বিগুণের বেশি ভোট পেয়ে ‘হ্যাঁ’ জয়ী হয়।