ব্রিকলেন নিউজ, লন্ডন: ব্রিটেনের আদমশুমারিতে কৃষ্ণাঙ্গ ও এশীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নিজেদের পরিচয় যথাক্রমে ‘ব্ল্যাক ইংলিশ’ ও ‘এশিয়ান ইংলিশ’ হিসেবে উল্লেখ করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ সংসদ সদস্যরা। তাদের মতে, জাতিগত পরিচয়ের বিকল্পগুলোকে আরও বিস্তৃত করতেই এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সোমবার (৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে আদমশুমারির জাতিগত পরিচয়ের শ্রেণিবিন্যাসে ‘ইংলিশ’ পরিচয়টি মূলত ‘হোয়াইট’ বা শ্বেতাঙ্গ শ্রেণির অধীনে রয়েছে। ফলে কৃষ্ণাঙ্গ ও এশীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ইংলিশ পরিচয় প্রকাশের ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংসদ সদস্যরা।
বিভিন্ন রাজনৈতিক দলের এমপিদের এই উদ্যোগের পেছনে রয়েছে ইংল্যান্ডের জাতীয় পরিচয় নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্ক। বিশেষ করে রিফর্ম ইউকে দলের রাজনীতিকদের এমন বক্তব্যের পাল্টা অবস্থান হিসেবে এই দাবি সামনে এসেছে, যেখানে বলা হয়েছে, সংখ্যালঘু জাতিগত পটভূমির মানুষের ইংলিশ জাতিগত পরিচয় থাকতে পারে না।
এমপিরা মনে করছেন, ইংল্যান্ডের জাতীয় পরিচয় কেবল শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। কৃষ্ণাঙ্গ ও এশীয় বংশোদ্ভূত ব্যক্তিরাও একই সঙ্গে নিজেদের জাতিগত পরিচয় এবং ইংলিশ পরিচয় ধারণ করতে পারেন। আদমশুমারিতে সেই বাস্তবতার প্রতিফলন থাকা প্রয়োজন।
তাদের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্রিটেনের আদমশুমারিতে জাতিগত পরিচয় নির্ধারণের প্রচলিত শ্রেণিবিন্যাসে পরিবর্তনের পথ তৈরি হতে পারে।