Skip to main content

Brick Lane News

সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর অবৈধ অনুপ্রবেশের ঘটনায় কাতার সরকারের তীব্র নিন্দা

সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর অবৈধ অনুপ্রবেশের ঘটনায় কাতার সরকারের তীব্র নিন্দা

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনধিকার প্রবেশ ও আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কাতার। দোহা মনে করে, এ ধরণের কর্মকাণ্ড ভ্রাতৃপ্রতিম সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি ভয়াবহ হুমকি।

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে জরুরিভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। বিশেষ করে, ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি বা ডিসএনগেজমেন্ট এগ্রিমেন্ট কঠোরভাবে মেনে চলতে ইসরায়েলি বাহিনীকে বাধ্য করার ওপর জোর দিয়েছে দেশটি। একইসঙ্গে সিরীয় ভূখণ্ডে বারবার চালানো হামলা বন্ধে প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য বিশ্বসম্প্রদায়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে, যাতে ওই অঞ্চলে নতুন কোনো সংঘাত বা উত্তেজনার সৃষ্টি না হয়।

বিবৃতিতে সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং অখণ্ডতার প্রতি নিজেদের পূর্ণ সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছে কাতার। দেশটিতে শান্তি বজায় রাখা এবং সিরিয়ার সাধারণ মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কাতারি কর্তৃপক্ষ।