Skip to main content

Brick Lane News

ছাত্রদলের নেতৃত্বে প্রাইভেট হাসপাতালে হামলা-ভাঙচুর

ছাত্রদলের নেতৃত্বে প্রাইভেট হাসপাতালে হামলা-ভাঙচুর

পটুয়াখালীর মহিপুরে কেয়ার মডেল হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জন যুবক হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্থানীয় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিয়ামের নেতৃত্বে একদল যুবক হাসপাতালে প্রবেশ করে। এ সময় হাসপাতালের কাচ, আসবাবপত্র ও অন্যান্য মালামাল ভাঙচুর করা হয়। আকস্মিক হামলায় রোগী ও স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত কামরুল ইসলাম শাওন অভিযোগ করেন, ব্যবসায়িক লেনদেনে দুই হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে সিয়ামসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে দ্বিতীয় দফায় হামলা হয়।

অভিযুক্ত সিয়াম দাবি করেন, ভুল বোঝাবুঝি ও মারধরকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান সুষ্ঠু বিচার দাবি করেছেন। মহিপুর থানার ওসি মহব্বত খান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।