Skip to main content

Brick Lane News

ঝুঁকিতে নতুন স্পন্সরশিপ: ৩১ ডিসেম্বরের পর ব্রিটেনে সংকুচিত হচ্ছে অস্থায়ী শর্টেজ লিস্ট

ঝুঁকিতে নতুন স্পন্সরশিপ: ৩১ ডিসেম্বরের পর ব্রিটেনে সংকুচিত হচ্ছে অস্থায়ী শর্টেজ লিস্ট

ব্রিকলেন নিউজ, লন্ডন: ব্রিটেনের স্কিলড ওয়ার্কার ভিসার আওতায় থাকা অস্থায়ী ঘাটতি পেশার তালিকাটির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ সালে শেষ হতে যাচ্ছে। এর ফলে তালিকাভুক্ত পেশাগুলোতে নতুন কর্মী নিয়োগের স্পন্সরশিপ সীমিত হওয়ার শঙ্কা থাকলেও হোম অফিস এখনও এ বিষয়ে কোনো বিস্তারিত ঘোষণা দেয়নি।

ফ্রি মুভমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান নিয়ম অনুযায়ী ৩১ ডিসেম্বরের আগে তালিকাভুক্ত পেশাগুলোর জন্য নিয়োগকর্তারা কর্মীদের স্পন্সরশিপ সার্টিফিকেট বা সার্টিফিকেট অব স্পন্সরশিপ (সিওএস) দিতে পারবেন। নির্ধারিত সময়ের পর তালিকাটির মেয়াদ শেষ হলে এসব পেশায় নতুন স্পন্সরশিপ দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে। তবে আগে থেকেই স্পন্সরশিপ পাওয়া কর্মীরা এর আওতায় থাকবেন।

এদিকে, মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি (এমএসি) ২০২৬ সালের জুলাইয়ে টেম্পোরারি শর্টেজ লিস্টের দ্বিতীয় ধাপের পর্যালোচনা শেষ করে হোম অফিসের কাছে সুপারিশ জমা দিয়েছে। কমিটি ২৮টি পেশার কোড তালিকায় অন্তর্ভুক্ত রাখার সুপারিশ করেছে। তবে এই অন্তর্ভুক্তি স্থায়ীভাবে নয়, মাত্র ১৮ মাসের জন্য রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

কমিটি ভবিষ্যতে তালিকা পর্যালোচনার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করা হবে, সে সম্পর্কেও নির্দেশনা দিয়েছে। পাশাপাশি সতর্ক করেছে, আগামী দিনে অস্থায়ী ঘাটতি পেশার তালিকা আরও ছোট হয়ে আসার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তালিকার মেয়াদ শেষ হতে আর মাত্র আট সপ্তাহ বাকি থাকলেও হোম অফিস এখন পর্যন্ত পরবর্তী ব্যবস্থা নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি। ফলে তালিকাভুক্ত পেশায় নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করা নিয়োগকর্তা এবং স্পন্সরশিপ প্রত্যাশী বিদেশি কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফ্রি মুভমেন্টের প্রতিবেদনে নিয়োগকর্তাদের পাশাপাশি কর্মীদেরও বর্তমান নিয়ম ও সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ৩১ ডিসেম্বরের পর কোন কোন পেশা তালিকায় থাকবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি। ২৮টি পেশার বিষয়ে এমএসি-র সুপারিশ থাকলেও সেটি হোম অফিসের চূড়ান্ত সিদ্ধান্ত নয়।