ব্রিকলেন নিউজ, লন্ডন: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় দুর্বৃত্তরা তাঁর হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দিয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে।
আবুল কালাম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকবিরোধী অবস্থান নিয়ে আসছিলেন। কয়েক দিন আগে শাহাদাত ও এমদাদুল নামে দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেন তিনি। এরপর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে নির্জন একটি বিলে ডেকে নেন। সেখানে শাহজালালসহ ১০ থেকে ১৫ জন মিলে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয়।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।