Skip to main content

Brick Lane News

সত্তরের বৃদ্ধাকে গাছে বেঁধে লোহা দিয়ে নির্মম নির্যাতন

সত্তরের বৃদ্ধাকে গাছে বেঁধে লোহা দিয়ে নির্মম নির্যাতন

ব্রিকলেন নিউজ, লন্ডন: ৭০ বছর বয়সী কিছুটা মানসিক ভারসাম্যহীন গোলাপী বেগমকে খুব ভোরে বাড়ি থেকে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করেছেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে গুরুতর আহত হয়ে ওই বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের গোবিন্দপুর উত্তর বালাআটা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন স্থানীয় প্রভাবশালী সাদা মিয়া, আমিনুল ইসলাম, আব্দুর রহমান ও সাদা রানী। তবে যে চুরির অভিযোগে বৃদ্ধাকে নির্যাতন করা হয়েছে, তার কোনো প্রমাণ মেলেনি বলে জানা গেছে।
সাংবাদিক সানাউল হক সানীর ফেসবুক স্ট্যাটাস

দৈনিক কালবেলার সাংবাদিক সানাউল হক সানী এ বিষয়ে ফেসবুকে লিখেন, মানুষ এতটা অমানবিক কীভাবে হতে পারে! ৭০ বছরের একজন বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে পেটানোর মতো নিষ্ঠুরতা কীভাবে সম্ভব? অপরাধের অভিযোগ থাকলেও কাউকে এভাবে নির্যাতন করার অধিকার কারও নেই।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হয়তো দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারও করা হবে। কিন্তু প্রশ্ন হলো, এমন ঘটনা কি শুধু ভাইরাল হলেই আমাদের নজরে আসে? দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত এমন অমানবিক ঘটনা ঘটছে, যার অনেক কিছুই আড়ালে থেকে যায়।

সানী আরো লিখেন, আইন অপরাধীকে শাস্তি দিতে পারে, কিন্তু মানুষের ভেতরে মানবিকতা তৈরি করতে পারে না। মানুষ যদি মানুষকে সম্মান করতে, দুর্বল ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হতে না শেখে, তাহলে শুধু আইন দিয়ে এমন নিষ্ঠুরতা বন্ধ করা কঠিন।