ব্রিকলেন নিউজ, লন্ডন: ১৯ অক্টোবর মহাসপ্তমীর পর আজ সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশে উদযাপিত হচ্ছে দুর্গোৎসবের মহাঅষ্টমী। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবীর বিহিত পূজা ও কল্পারম্ভের মধ্য দিয়ে এই উৎসবমুখর দিনে ভক্তদের ব্যাপক সমাগম ঘটেছে।
মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। সকাল সাড়ে ৯টায় রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মঠে এ পূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ পূজায় একজন কুমারী বালিকার মধ্যে দেবীর মাতৃরূপ কল্পনা করে তাঁকে দেবীজ্ঞানে আরাধনা করেন ভক্তরা। অষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন সন্ধিপূজা, যা দুর্গাপূজার বিশেষ ধর্মীয় তাৎপর্য বহন করে।
হিন্দুশাস্ত্র অনুযায়ী, সাধারণত এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত কন্যাকে কুমারী পূজার জন্য নির্বাচন করা হয়। বয়সভেদে তাঁদের বিভিন্ন দেবীর নামে অভিহিত করা হয়। শ্রীশ্রীরামকৃষ্ণের শিক্ষা অনুসারে, কুমারী পূজার মূল উদ্দেশ্য হলো নারীর মধ্যে মাতৃরূপ ও দেবীত্ব উপলব্ধি করা।
পূজার জন্য নির্বাচিত কুমারীকে সকালে স্নান করিয়ে নতুন পোশাকে সাজানো হয়। কপালে সিঁদুর, পায়ে আলতা এবং হাতে ফুল দিয়ে তাঁকে সুসজ্জিত আসনে বসানো হয়। এরপর ষোড়শোপচারে দেবীজ্ঞানে পূজা করা হয় তাঁকে।
এ সময় শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, উলুধ্বনি ও দেবীস্তবের মধ্য দিয়ে পূজামণ্ডপগুলোতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মহাঅষ্টমীর পূজা ও কুমারী পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে বিরাজ করছে ধর্মীয় আবেগ ও উৎসাহ।