-জান্নাতুল ফেরদৌস ডলি
আমি জানি,
অভ্র-পাতার থেকে আকাশ অবধি
যে ধূলিকণা উড়ে বেড়ায়,
সেও একদিন ধ্বংস হয়।
কারণ সৃষ্টিরও একদিন সমাপ্তি আসে,
সবুজেরও একদিন রং ফুরিয়ে যায়,
আলোও একদিন অন্ধকারের কাছে
নিজেকে সমর্পণ করে।কিন্তু মানব,
তুমি কি কখনও একবার ভেবেছ
যে সৃষ্টির বুকে তুমি বসবাস করছ,
যে পৃথিবী তোমাকে দিয়েছে শ্বাস নেওয়ার বাতাস,
পান করার জল,ফসল ফলানোর মাটি,
আর মাথার ওপরে অসীম আকাশ,
সেই পৃথিবীর আয়ু যদি তোমার ভুলের কারণেই
ফুরিয়ে যায়, তবে কোথায় রাখবে তুমি
তোমার সকল ভবিষ্যৎ ? বরফ গলছে নীরবে, প্রতিদিন।
মেরুর সাদা বুক তোমার তীব্র উত্তাপে
অশ্রুর মতো গলে পড়ছে।সমুদ্রের জল বাড়ছে, ডুবে যাচ্ছে উপকূল,
হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি,ভেসে যাচ্ছে মানুষের স্মৃতি।
কোথাও নদী শুকিয়ে যাচ্ছে, কোথাও বৃষ্টি হয়ে উঠছে অভিশাপ,
কোথাও আগুন গ্রাস করছে বন, আর কোথাও বাতাসে
শ্বাস নেওয়াটাও হয়ে উঠছে কঠিন।
বায়ুমণ্ডলে আজ যুদ্ধ চলছে
অস্ত্রের যুদ্ধ নয় শুধু, লোভ আর প্রয়োজনের যুদ্ধ,
উন্নয়ন আর অস্তিত্বের যুদ্ধ, মানুষ আর প্রকৃতির মধ্যে
এক অদৃশ্য যুদ্ধ।তুমি নক্ষত্রমণ্ডলীর দিকে তাকিয়ে
উত্তর খুঁজতে চাও,কিন্তু তারাও আজ মুখ ফিরিয়ে নেয়।
তোমার অপব্যবহারে তারাও ক্লান্ত।
চাঁদ দেখেছে তোমার রাত, সূর্য দেখেছে তোমার সকাল,
পৃথিবী দেখেছে তোমার জন্ম,তোমার সভ্যতা,
তোমার যুদ্ধ,তোমার বিজয়,তোমার লোভ।তবু পৃথিবী
কখনও তোমার কাছে কোনও মূল্য চায়নি।
সে শুধু চেয়েছিল তুমি তাকে একটু ভালোবাসো,
তার নদীগুলোকে বাঁচতে দাও,
তার বনগুলোকে নিঃশ্বাস নিতে দাও,
তার আকাশটাকে ধোঁয়ায় ঢেকে দিও না,
তার সমুদ্রকে বিষে ভরিয়ে দিও না।
কিন্তু তুমি শুনোনি।তুমি কেটে ফেলেছ বন, দূষিত করেছ নদী,
বিষাক্ত করেছ বাতাস, প্লাস্টিকে ঢেকে দিয়েছ সমুদ্র,
আর উন্নতির নামে ধীরে ধীরে হত্যা করেছ তোমার নিজের আশ্রয়কে।
তুমি ভুলে গেছ পৃথিবী তোমার সম্পত্তি নয়,
তুমি পৃথিবীরই একটি ক্ষণিকের অতিথি।
একদিন হয়তো পৃথিবী আর তোমার জন্য
দরজা খুলবে না।একদিন হয়তো
তোমার শহরের আলো নিভে যাবে,
তোমার অট্টালিকা দাঁড়িয়ে থাকবে
কিন্তু তার ভেতরে থাকবে না কোনো মানুষ।
একদিন হয়তো পাখিরা আর তোমার জানালায় ডাকবে না,
নদী আর তোমার শহরের পাশ দিয়ে বইবে না,
শিশুরা আর সবুজ মাঠে দৌড়াবে না।
আর সেই দিন, যখন পৃথিবী তার শেষ নিঃশ্বাস নেবে,
সে তোমার কাছে অভিযোগ করবে না।
সে শুধু বিদায় নেবে। রেখে যাবে একটি শেষ চিঠি
যেখানে কোনো দীর্ঘ অভিযোগ থাকবে না,
থাকবে না কোনো অভিশাপ,থাকবে না কোনো প্রতিশোধের ভাষা।
শুধু একটি প্রশ্ন থাকব If i disappeare Where will you go?
তখন হয়তো তুমি আকাশের দিকে তাকাবে, কিন্তু আকাশ থাকবে না।
সমুদ্রের দিকে ছুটবে, কিন্তু সমুদ্র থাকবে না।
মাটিকে আঁকড়ে ধরবে, কিন্তু মাটিও তোমাকে
আর আশ্রয় দেবে না।তখন তুমি বুঝবে
পৃথিবীকে বাঁচানো মানে শুধু একটি গ্রহকে বাঁচানো নয়,
পৃথিবীকে বাঁচানো মানেই তোমার অস্তিত্ব কে বাঁচানো।
কিন্তু প্রশ্নটা তখনও থেকে যাবে পৃথিবী যদি হারিয়ে যায়,
মানব তুমি কোথায় যাবে?