-নোমান আহমদ
পরবাসী বৃক্ষ আমি, শেকড়হীন,
ভিনদেশি মাটির টবে পরগাছার মতো বেড়ে উঠি,
নিজের ভেতর লুকিয়ে রাখি হারানো অরণ্যের স্বপ্ন।
দূরদেশের বাতাসে ভেসে আসে অন্য কোনো গান,
পাখির ডাকে খুঁজে পাই ভিন্ন এক সুর;
অচিন সড়কে হাঁটতে হাঁটতে
হারিয়ে ফেলি নিজের পুরোনো ঠিকানা।
দূরে সরে যাওয়া শেকড়ের মতো মায়ের ভাষাও
কখনো কখনো ঝাপসা হয়ে আসে সময়ের কুয়াশায়;
অপরিচিত শব্দে ঠোঁট নাড়াই,
স্মৃতির ঝুলি কাঁধে নিয়ে লিখে যাই নতুন জীবন।
জন্মভূমি ডাকে, তবু অদৃশ্য বেড়ি আঁকড়ে ধরে পা,
অতিথি পাখির মতো উড়ছি অন্য আকাশের নিচে;
ভেতরে বয়ে চলে অচেনা ঝড়,
তবু সন্ধ্যার বাতাসে জেগে ওঠে মাটির গন্ধ।
একদিন ফিরে যাব চেনা অঙ্গনে
নিজের শেকড়ে গড়ব নতুন আবাস,
আর প্রথম বর্ষার বৃষ্টিতে ভিজে
ফিরে পাব মাটির কাছে হারানো পরিচয়।