Skip to main content

Brick Lane News

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তথ্য নেই: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তথ্য নেই: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে তার কাছে আপাতত কোনো নতুন তথ্য নেই। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

শামা ওবায়েদ বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। সফর যখন যে দেশে চূড়ান্ত হবে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হবে।’

এর আগে রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ চলছে। তবে সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়টি দ্রুত সম্পন্ন করতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়েও ভারতের কাছে অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে তারা আগ্রহী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য নিয়ে ভারতের আগের অবস্থানের পরিবর্তন হয়নি। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের প্রত্যর্পণের বিষয়টি নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ঢাকা ও দিল্লির মধ্যে অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এর মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি, সীমান্ত নিরাপত্তা, জ্বানি সরবরাহ, ভিসা সুবিধা ও বাণিজ্যিক বিধিনিষেধের মতো বিষয়গুলো রয়েছে।

বাংলাদেশ ভারতের সঙ্গে স্বাভাবিক, স্থিতিশীল ও জনকেন্দ্রিক সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী। একইভাবে ভারতও দুই দেশের জনগণের স্বার্থে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি।