Brick Lane News

যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না পেরোতেই ভোল পাল্টালো ইসরায়েল

যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না পেরোতেই ভোল পাল্টালো ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েল ও লেবানন রাজি হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য তেলআবিব শর্ত দিয়েছে যে, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলে সব ধরনের হামলা পুরোপুরি বন্ধ করতে হবে।

বুধবার (৩ জুন) আয়োজিত সংলাপে উভয় পক্ষ চুক্তির বিষয়ে ঐকমত্য হয়েছে।

কিন্তু ২৪ ঘণ্টা না পেরোতেই নিজেদের অবস্থান থেকে ভোল পাল্টালো ইসরায়েল। আজ বৃহস্পতিবার দখলদার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যুদ্ধবিরতি হলেও তারা আপাতত দক্ষিণ লেবাননে স্থল অভিযান অব্যাহত রাখবে।

একইসঙ্গে ইসরায়েলের বলপ্রয়োগের ফলে বাস্তুচ্যুত হওয়া লেবানিজরা তাদের বাড়িঘরে ফিরতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে তেলআবিব।

ওয়াশিংটনে আলোচনার সময় লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানানোর এক দিন পর তিনি এই মন্তব্য করেন। এই চুক্তিটি জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর গোলাবর্ষণ বন্ধ করার শর্তের ওপর নির্ভরশীল।

এক বিবৃতিতে কাটজ বলেন, দক্ষিণ লেবাননে তাদের তথাকথিত নিরাপত্তা অঞ্চলে সৈন্যরা মোতায়েন থাকবে, এর মধ্যে শনিবার ইসরায়েলের দখল করা ৯০০ বছরের পুরোনো দুর্গ বোফোর্ট ক্যাসেলের এলাকাও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েল এই এলাকায় সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রাখবে এবং ইসরায়েলি জনবসতি ও ভূখণ্ডের ওপর হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সমর্থনে বৈরুতে হামলা চালানোর স্বাধীনতাও ইসরায়েলের রয়েছে।

আগেরদিন লেবানন ও ইসরায়েল একটি নতুন মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর আগে তারা এপ্রিলে শত্রুতা বন্ধে সম্মত হয়েছিল, যা পরে মে মাসে বর্ধিত করা হয়, কিন্তু সহিংসতা অব্যাহত ছিল।

তবে বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হওয়া এবং এর জবাবে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পর নতুন করে এই যুদ্ধবিরতির ঘোষণা এলো। ওসব হামলার ঘটনায় আগের চুক্তিটি চরম হুমকির মুখে পড়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অসংখ্য নেতা ও কর্মকর্তার প্রাণহানি ঘটে।

ইরানের সমর্থনে পাল্টা হামলার অংশ হিসেবে ইসরায়েলে রকেট ও ড্রোন আক্রমণা করছে হিজবুল্লাহ। তখন থেকে ইসরায়েল-হিজবুল্লাহ ফ্রন্ট লাইনে লড়াই চালিয়ে যাচ্ছে। এর মাঝে একাধিকবার রাজধানী বৈরুতে ও বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়েছে তেলআবিব।

সূত্র: রয়টার্স