Skip to main content

Brick Lane News

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞাঃ কার্যকর করল এয়ার ফ্রান্স

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞাঃ কার্যকর করল এয়ার ফ্রান্স

ব্রিকলেন নিউজ, লন্ডন: ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্সের অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে ইসরায়েলগামী ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুদের ক্ষেত্রে বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের ওপর বিধিনিষেধ আরোপের সতর্কতা জারি করা হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্টের এই প্রতিবেদনে জানানো হয়, এই নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট দেশগুলোর দ্বৈত নাগরিকত্বধারী কর্মীরাও অন্তর্ভুক্ত থাকতে পারেন।

ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় গত ৮ অক্টোবর একটি নিরাপত্তা নির্দেশনা জারি করে। আজারবাইজানভিত্তিক সংবাদমাধ্যম অপারেটিভএমএমের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই—এমন ৩১টি দেশের নাগরিক পাইলট ও কেবিন ক্রুদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মিডিয়াপার্টের তথ্য অনুযায়ী, এয়ার ফ্রান্সের অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ, আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান ও পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে। এসব দেশের নাগরিকত্ব রয়েছে—এমন কর্মীদের সতর্ক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এমনকি কোনো কর্মীর ফরাসি নাগরিকত্বের পাশাপাশি তালিকাভুক্ত অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকলেও তিনি বিধিনিষেধের আওতায় পড়তে পারেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ দিকে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে কথিত নিরাপত্তা ঘটনার পর এই নির্দেশনা জারি করা হয়। অভিযোগ অনুযায়ী, ওমানের নাগরিক এক সহকারী পাইলট উড়োজাহাজের ক্যাপ্টেনকে আক্রমণ করে সেটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। পরে উড়োজাহাজটি সৌদি আরবে অবতরণ করে এবং যাত্রী ও ক্রুদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।