Brick Lane News

ইরানের হামলায় ১৪ ইসরায়েলি নিহত, আহত ২,৭৪৫

ইরানের হামলায় ১৪ ইসরায়েলি নিহত, আহত ২,৭৪৫

ইরানের হামলায় ১৪ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া দুই হাজার ৭৪৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ও এ বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, গত মাসের শেষের দিক থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২,৭৪৫ জন আহত হন।

ইসরায়েলি কর্তৃপক্ষ এক বিবৃতিতে আরও বলেছে, আহতদের মধ্যে ৮৫ জন এখনও হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় ১৭৯ জন আহত হয়েছেন। আহদের মধ্যে চারজন মাঝারি এবং ১৮ জন শকওয়েভের কারণে আহত হয়েছেন।

তেলআবিব বিশ্ববিদ্যালয়ের জাতীয় নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউটের মতে, ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে ইরানি সেনাদের হামলায় ১৪ ইসরায়েলি নিহত হয়েছেন।

ইরান ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনা বা প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধাপ্রাপ্ত হওয়ার খবর প্রকাশের ওপর ইসরায়েল কঠোর সেন্সরশিপ আরোপ করেছে। এছাড়া ইরানি সেনাদের আক্রমণের সঙ্গে সম্পর্কিত ভিডিও ফুটেজ প্রচার নিষিদ্ধ করেছে।