ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল ডাকাত। এ সময় ধাওয়া করে এক চিহ্নিত ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার রবিউল হোসেন (২৮) উপজেলার সলিমপুর ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কে ডাকাত চক্রটি একটি বিশেষ কৌশলে ডাকাতি করে আসছিল। তারা চলন্ত মাইক্রোবাস বা প্রাইভেট কার লক্ষ্য করে রড অথবা লোহার পাইপ নিক্ষেপ করে। বিকট শব্দে চালক আতঙ্কিত হয়ে গাড়ি থামালে ঝোপের ভেতর থেকে ডাকাত দল বেরিয়ে এসে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। শুক্রবার রাতেও পুলিশ সদস্যদের বহনকারী একটি সাদা মাইক্রোবাসকে লক্ষ্য করে একই কায়দায় লোহার পাইপ নিক্ষেপ করে ডাকাতরা। গাড়িটি সাধারণ যাত্রীবাহী মনে করে তারা আক্রমণ চালালেও পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও রবিউলকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, সাধারণ যাত্রীদের গাড়ি মনে করে ডাকাতরা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছিল। আমরা একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আগের ১০টি মামলার মধ্যে তিনটি ছিল ডাকাতির। ওই তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (৭ মে) রাতেও সীতাকুণ্ড পৌর সদরের নুনাছড়া এলাকায় একই কায়দায় একটি বিয়ের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। রড নিক্ষেপের শব্দ শুনে যাত্রীরা গাড়ি থেকে নামামাত্রই ডাকাতরা তাদের ওপর চড়াও হয়। মহাসড়কে এই ‘রড নিক্ষেপ’ গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ চালক ও যাত্রীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।