ভারতের আসাম অঞ্চলে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা।
শনিবার (৯ মে) আসামের দক্ষিণ সালকাচারে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে বিশ্বব্যাপী অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি।
সংস্থাটি জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ১৭ মিনিটে আসামের বোঙ্গাইগাঁও থেকে ৪৬ কিলোমিটার দূরে ৩ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পটির গভীরতা নির্ণয় করা যায়নি। তবে অগভীর ছিল বলে ধারণা করা হচ্ছে। যদিও পরবর্তীতে এর গভীরতা ১০ কিলোমিটার বলে জানানো হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি কিছু লোক এটি অনুভব করেছেন বলে জানা গেছে।
এদিকে আসামের ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তঘেঁষা জেলাগুলোর মানুষও মৃদু কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে। এ ছাড়াও আসামের সীমান্তঘেঁষা দেশ ভুটানেও কম্পন অনুভূত হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে আসামে শিলচরে ৪ দশমিক ৯ মাত্রার ভমিকম্প আঘাত হানলে সিলেট, মৌলভীবাজার এবং এর আশপাশের সীমান্ত এলাকা কেঁপে উঠেছিল।