Brick Lane News

‘প্রত্যক্ষ রাজসাক্ষীর বয়ানে জামায়াত-শিবির-মওদুদিবাদের মুখোশ উন্মোচন’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২৬ । ৩:০৬ পিএম

 

 

‘প্রত্যক্ষ রাজসাক্ষীর বয়ানে জামায়াত-শিবির-মওদুদিবাদের মুখোশ উন্মোচন’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে। শনিবার বিকেলে প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এ অনুষ্ঠানে কওমি ঘরানার আলেমরা জামায়াতে ইসলামীকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানান।

বইটির লেখক শাকের হোসাইন শিবলি। তিনি একসময় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। ইসলামী আকিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ‘সাতচল্লিশের দেশভাগ থেকে চব্বিশের গণ-অভ্যুত্থান: আলেম সমাজের ভূমিকা ও আগামীর করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আকিদা সংরক্ষণ কমিটির আহ্বায়ক মুফতি রিজওয়ান রফীকি। বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আজম খানসহ কওমি ধারার আলেম ও শিক্ষকরা।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বইটি একটি প্রামাণ্য গ্রন্থ। এতে জামায়াত-শিবির সংশ্লিষ্ট মতাদর্শের ভ্রান্তি নিয়ে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন আলেমের সাক্ষাৎকার এবং তাদের হাতে নির্যাতনের শিকার আলেমদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

বক্তারা বলেন, ক্ষমতার রাজনীতির জন্য জামায়াত-শিবির ইসলামের বিভিন্ন বিধান অপব্যাখ্যা করছে। ইসলামী ঐক্যের নামে ধর্মপ্রাণ মানুষের সঙ্গে তারা প্রতারণা করেছে এবং প্রতিটি নির্বাচনের আগে ইসলামপন্থীদের মধ্যে বিভক্তি তৈরি করেছে। বক্তাদের দাবি, জামায়াত ক্ষমতায় গেলে দেশের মসজিদ, মাদ্রাসা, দাওয়াত-তাবলিগ ও তাসাউফভিত্তিক কার্যক্রম হুমকির মুখে পড়তে পারে।

বক্তারা আরও বলেন, মওদুদিবাদী জামায়াতের সঙ্গে আলেম সমাজের বিরোধ রাজনৈতিক নয়, বরং আদর্শিক। ইসলাম প্রতিষ্ঠার নামে রাজনীতি করলেও আদর্শিকভাবে জামায়াত সেই পথে নেই বলেও তারা মন্তব্য করেন।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি