ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় হরমুজ প্রণালির সংকট নিরসনে গোটা বিশ্বের সমর্থন চেয়েছে যুক্তরাষ্ট্র। আর ইরান যদি চুক্তি করতে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে আলজাজিরা। এ সময় হেগসেথ বলেন, হরমুজ প্রণালির বিষয়ে ‘অন্যান্য দেশগুলোর সাহায্যকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে’।
তিনি দাবি করেন যে, ইরানের আর নৌবাহিনী না থাকায় মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালির যান চলাচল নিয়ন্ত্রণ করছে। ইরান কী কী সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে সে সম্পর্কে ওয়াশিংটন অবগত আছে। ইরান চুক্তি প্রত্যাখ্যান করলে যুক্তরাষ্ট্র যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত বলেও জানান তিনি।
চীন ইরানকে কোনো অস্ত্র হস্তান্তর করবে না উল্লেখ করে হেগসেথ বলেন, বেইজিং ওয়াশিংটনকে আশ্বাস দিয়েছে যে যুদ্ধবিরতি চলাকালীন তারা ইরানে অস্ত্র পাঠাবে না।
ইরানের সর্বোচ্চ নেতা আহত হওয়ার দাবি করে তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
হেগসেথের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শীর্ষ মার্কিন জেনারেল ড্যান কেইন বলেছেন, ইরানকে সমর্থন দেওয়ার চেষ্টাকারী যে কোনো জাহাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। এরমধ্যে ইরানি তেল বহনকারী ডার্ক ফ্লিটের জাহাজও রয়েছে।
তিনি আরও বলেন, ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার পাশাপাশি আন্তর্জাতিক জলসীমার ভেতরে ও আশপাশেও এই ব্যবস্থা নেওয়া হবে। এই অবরোধটি ইরানের বন্দরে প্রবেশকারী বা সেখান থেকে প্রস্থানকারী সকল জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। তারা এই অবরোধ না মানলে আমরা শক্তি প্রয়োগ করব। ইতোমধ্যে ১৩টি জাহাজকে ঘুরে যেতে বাধ্য করা হয়েছে।





