Brick Lane News

নৈশপ্রহরীকে বেঁধে ৬৩৩ বস্তা চাল লুটের অভিযোগ

প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২৬ । ৩:২৭ পিএম

ঢাকার ধামরাইয়ে একটি চালকলে ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, ডাকাত দল নৈশপ্রহরী ও কর্মচারীদের হাত-পা বেঁধে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে গেছে।

রোববার গভীর রাতে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিল চত্বরে এ ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, রাত আনুমানিক দুইটার দিকে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল সীমানাপ্রাচীর টপকে চালকলের ভেতরে প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে নৈশপ্রহরীসহ চারজন কর্মচারীকে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে একটি ট্রাক কারখানার ভেতরে ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নেয়।

নৈশপ্রহরী মো. হজরত আলী জানান, ডাকাতরা পিছনের দিক দিয়ে এসে প্রথমে তাঁকে আটক করে। পরে আরও চারজন শ্রমিককে একই কক্ষে বেঁধে রাখা হয়। ডাকাতরা চলে যাওয়ার পর এক কর্মচারী মুখ দিয়ে বাঁধন খুলে দিলে তাঁরা বের হতে সক্ষম হন।

চালকলের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ডাকাতির খবর তাঁদের দেরিতে জানানো হয়েছে। এক চাল ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, তাঁর প্রায় ৪০০ বস্তা চাল লুট হয়েছে, কিন্তু ঘটনাটি জানানো হয় সকালে। আরেক ব্যবসায়ী ফরিদ বলেন, রাতের ঘটনার বিষয়ে তাঁকে সকাল ১০টার দিকে জানানো হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি