Brick Lane News

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, টাকা-স্বর্ণালংকার লুট

প্রকাশিত ২৭ জানুয়ারি ২০২৬ । ১১:১৭ এএম

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় নিজ ঘরের ভেতর শ্বাসরোধে এক বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে। ধানের চারা রোপণের কাজে আনা দুই শ্রমিক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই দুই শ্রমিক পলাতক থাকায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রাম থেকে দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন ঘোষাখালী গ্রামের মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) এবং তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)।

নিহতদের পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত রবিবার ধান রোপণের জন্য শরিফ ও সুমন নামে দুই শ্রমিককে বাড়িতে আনা হয়। মোতাহার সিকদারের পায়ে তীব্র ব্যথা থাকায় শ্রমিকরা তাকে কবিরাজি ওষুধ খেতে দেয়। রাতে ওই দুই শ্রমিককে ঘরের বারান্দায় থাকার ব্যবস্থা করা হয়, আর দম্পতি ঘরের ভেতরে ঘুমাতে যান।

পরিবারের অভিযোগ, রাতের কোনো এক সময় টিন কেটে দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে ওই শ্রমিকরা। এরপর মোতাহার সিকদার ও রেজিয়া বেগমকে শ্বাসরোধে হত্যা করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।

সকালে পরিবারের সদস্যরা দম্পতিকে অচেতন অবস্থায় উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, অজ্ঞাত দুই শ্রমিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) একেএম মামুনুর রশিদ বলেন, ধান রোপণের কাজে আনা দুই শ্রমিক ভোর থেকে নিখোঁজ। এই হত্যাকাণ্ডে তাদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Related Posts

মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে মোমবাতি জ্বালিয়ে ইংরেজি প্রথম পত্রের এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টায়...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি