Brick Lane News

আওয়ামী লীগের ১০৭৪ ফরম বিক্রি, আয় সোয়া ৫ কোটি টাকা

প্রকাশিত ১৮ নভেম্বর ২০২৩ । ৮:১৫ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে এক হাজার ৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগ থেকে ২১৪ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ফরম বিক্রি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগ থেকে ২০১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ ছাড়া রাজশাহী বিভাগ থেকে ১৭৬ জন, খুলনা বিভাগ থেকে ১২৫, রংপুর বিভাগ থেকে ১০৯, ময়মনসিংহ বিভাগ থেকে ১০৫, বরিশাল বিভাগ থেকে ৭৫ এবং সিলেট বিভাগ থেকে ৫৫ জন নেতা আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া অনলাইনে বিভিন্ন বিভাগ থেকে ১৪টি মনোনয়ন ফরম কিনেছেন নেতারা।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

এর আগে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনি (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মুঠোফোন নম্বর, বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

Related Posts

নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত

যুক্তরাজ্যেস্থ নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মহান স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।এতে নবীগঞ্জে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অংগ...

Read more

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি