Brick Lane News

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রার্থিতা বাতিলের প্রতিবাদে যুক্তরাজ্য প্রবাসী আইনজীবীদের সংবাদ সম্মেলন

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রার্থিতা বাতিলের প্রতিবাদে যুক্তরাজ্য প্রবাসী আইনজীবীদের সংবাদ সম্মেলন

লন্ডন প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রার্থীদের প্রার্থিতা বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশী আইনজীবীরা।

গত ২৮ এপ্রিল যাচাই-বাছাইয়ের নামে নজিরবিহীনভাবে বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিলের ঘটনাকে ‘অবৈধ, অগণতান্ত্রিক এবং অসংবিধানিক’ বলে আখ্যা দিয়েছেন তারা।

আজ ২৯ এপ্রিল যুক্তরাজ্যস্থ বাংলাদেশী আইনজীবীবৃন্দের পক্ষে ব্যারিস্টার মনিরুল ইসলাম, ব্যারিস্টার সঞ্জয় রায় এবং ব্যারিস্টার সৈয়দ আলী জিরু’র স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক বার্তা সুত্রে জানা গেছে, লন্ডনে আয়োজিত ঐ সংবাদ সম্মেলনে আইনজীবীরা বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সাব-কমিটির দায়িত্ব কেবল প্রাথমিক যোগ্যতা যাচাই করা। কিন্তু সকল বিধি-বিধান অনুসরণ করে মনোনয়ন জমা দেওয়ার পরও কোনো আইনসঙ্গত কারণ ছাড়াই একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের বাইরে থাকা সকল প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

এটি সমিতির ৭৭ বছরের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তারা  ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ১৩ ও ১৪ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান অ্যাডহক কমিটি স্বৈরাচারী ক্ষমতার অপব্যবহার করছে। আইনজীবীরা অবিলম্বে বাতিলকৃত সকল প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জোর দাবি জানান।

london সুপ্রিম কোর্ট বার নির্বাচনে প্রার্থিতা বাতিলের প্রতিবাদে যুক্তরাজ্য প্রবাসী আইনজীবীদের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন , ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন, ব্যারিস্টার এন্ড সলিসিটার জিন্নাত আলী, ব্যারিস্টার এন্ড সলিসিটার কামাল হোসাইন, ব্যারিস্টার দুলাল মিয়া, ব্যারিস্টার আল আমিন, ব্যারিস্টার আশরাফ চৌধুরী, সলিসিটার শহিদুল ইসলাম, জনাব সিরাজুল ইসলাম, ব্যারিস্টার এন্ড সলিসিটার সুমন মিয়া, ব্যারিস্টার নাজমুল ইসলাম, অ্যাডভোকেট আল আমিন, ব্যারিস্টার মাসুদ আক্তার, সলিসিটার জাহাঙ্গীর আলম, ড: আনিসুর রহমান, ব্যারিস্টার তৌহিদুল ইসলাম, জনাব নাইমুল হোসাইন, অ্যাডভোকেট ইমরান হোসাইনসহ আরও অনেকে।

আইনজীবীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের বিচারব্যবস্থা এবং গণতান্ত্রিক কাঠামো রক্ষায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যে ঐতিহাসিক ভূমিকা রয়েছে, তা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লালসার শিকার হতে দেওয়া যাবে না। আইনের শাসন রক্ষায় তারা এই অবিচারের বিরুদ্ধে রাজপথে ও আইনগতভাবে সোচ্চার থাকবেন।