ব্রিকলেন নিউজ, বার্লিন:
জার্মানির বার্লিনে আসন্ন ওয়ার্ল্ড হেলথ সামিটে ডক্টর মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাতিল করা হয়েছে। জার্মান আওয়ামী লীগের ধারাবাহিক প্রতিবাদ, আইনি পদক্ষেপ এবং সোচ্চার আন্দোলনের ফলেই সামিটের আয়োজকরা তাঁর উপস্থিতি বাতিল করতে বাধ্য হয়েছেন।
এদিকে, উদ্দেশ্য সফল হওয়ায় জার্মান আওয়ামী লীগ তাদের পূর্বনির্ধারিত প্রতিবাদ কর্মসূচিটি বর্তমানে স্থগিত করেছে বলে জানিয়েছে জার্মান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেরজাহান আহমেদ রাজীব।
জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান এবং সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়ার নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হয়। বার্লিনে ডক্টর ইউনূসের উপস্থিতির তীব্র বিরোধিতা করে গত উনত্রিশে আগস্ট প্রতিবাদ সমাবেশের জন্য বার্লিন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানায় সংগঠনটি।
এর পরিপ্রেক্ষিতে সাতই সেপ্টেম্বর পুলিশ কমিশনার জার্মান আওয়ামী লীগের সভাপতিকে তলব করেন। এ সময় পুলিশের কাছে ড. ইউনূসের বিরুদ্ধে জনস্বাস্থ্য খাতের চরম বিপর্যয় এবং শিশু মৃত্যুর নানা প্রমাণ ও নথিপত্র হস্তান্তর করা হয়।
পুলিশ নথিপত্রগুলো বাংলাদেশ দূতাবাস, সামিটের আয়োজক এবং ডক্টর ইউনূসের দপ্তরে পাঠানোর আশ্বাস দেয় এবং যাচাই-বাছাই শেষে দশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ সমাবেশের অনুমতি প্রদান করে। পাশাপাশি, সাত সেপ্টেম্বর ওয়ার্ল্ড হেলথ সামিটের প্রধান নির্বাহী কর্মকর্তা মি. কারস্টেন শিকরের কাছে ডক্টর ইউনূসের অংশগ্রহণের বিরুদ্ধে একটি কড়া লিখিত প্রতিবাদলিপিও জমা দেন জার্মান আওয়ামী লীগ সভাপতি।
এই আন্দোলনের প্রতিটি পদক্ষেপে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দিকনির্দেশনা ছিল বলে জানিয়েছে সংগঠনটি। গত পচিশে সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে জার্মান আওয়ামী লীগের শীর্ষ নেতারা সশরীরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে এই আন্দোলনের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
জার্মান আওয়ামী লীগের বহুমুখী চাপ, আইনি প্রক্রিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো প্রতিবাদের মুখেই শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে ডক্টর ইউনূসের এই নির্ধারিত সফর বাতিল হয়েছে।
জনস্বাস্থ্য খাতের বিপর্যয় ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি বাতিলের এই ঘটনাকে প্রবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলনের এক ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছে জার্মান আওয়ামী লীগ।