চলতি নভেম্বর মাসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই ব্যাংকটির বিভিন্ন শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করা হচ্ছে। এসব হামলার পেছনে ওপরের মহলের নির্দেশনা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে ড. ইউনূস এসব অভিযোগ করেন। তিনি বলেন, হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। প্রতিদিন একই ধরনের হামলার ঘটনা ঘটায় তাঁর মনে হয়েছে, অপরাধীরা ওপরের মহল থেকে নির্দেশনা পাচ্ছে।
গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে দরিদ্র নারীদের নিরাপত্তা, স্বাধীনতা এবং তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন ইউনূস। তিনি জানান, ব্যাংকটির প্রায় ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব নারী ঋণগ্রহীতাই ব্যাংকটির মূল মালিক।
বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে উল্লেখ করেন মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো ভূমিকা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।
কয়েকটি হামলার ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় লাখ লাখ নারী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের পরিবারের ভরণপোষণ, সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন প্রয়োজন মেটানোর ক্ষেত্রে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান ইউনূস।
তিনি আরও অভিযোগ করেন, সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকের শাখায় সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে দাবি করেন তিনি।
গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে বলেও জানান ইউনূস। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির কার্যক্রম যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান সাবেক এই প্রধান উপদেষ্টা। একই সঙ্গে প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি। বিশ্বের বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদেরও হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান ইউনূস।