Skip to main content

Brick Lane News

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষায় ভাগ্য বদলাল ৩৩ হাজার শিক্ষার্থীর

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষায় ভাগ্য বদলাল ৩৩ হাজার শিক্ষার্থীর

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৫৯২ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ জন শিক্ষার্থী। এ হিসাব শুধু ঢাকা শিক্ষা বোর্ডের।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮ হাজার ৩৩৯ জনের ফল সংশোধন হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। সেখানে ফল পরিবর্তন হয়েছে ৫ হাজার ৮৫৩ জনের।

অন্য বোর্ডগুলোর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন, কুমিল্লায় ৩ হাজার ৬৫ জন, বরিশালে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রামে ২ হাজার ৪৩ জন, যশোরে ১ হাজার ৯০৯ জন, সিলেটে ১ হাজার ৩৫৩ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং রাজশাহী বোর্ডে ৭৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, পুনর্মূল্যায়নের পর নতুন করে ৫৯২ জন শিক্ষার্থী অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি ৪৬৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। আগে অকৃতকার্য ছিলেন, এমন একজন শিক্ষার্থীও নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

এবারই প্রথম এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়েছে। ফলে নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধনের পাশাপাশি উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনা করা হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হয়। ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত এ আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাঁদের আবেদনের ভিত্তিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। সেখানে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি, রাজশাহীতে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোরে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি, সিলেটে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল দেখতে পারছেন। পাশাপাশি আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও খুদে বার্তার মাধ্যমে ফল পাঠানো হয়েছে।