Brick Lane News

রাস্তায় চলাচলের সময় মেয়েদের উত্যক্ত করায় দুই গ্রামের সংঘর্ষ; নিহত ১

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৫১ পিএম

গ্রামে চলাচলের সময় বিভিন্ন মেয়েদের উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রামের যুবকদের সংঘর্ষে শাহ আলম (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর ও কাশিনাথপুর গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে কাশিনাথপুর গ্রামের একদল যুবক রশিদপুর গ্রামে এসে হামলা চালালে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে শাহ আলম, সবুজ হোসেন (২০), আক্তার হোসেন (৬০), রাসেল হোসেন (১৮), রাব্বি (১৮), ফারুক হোসেন (৩৮), আব্দুল কাদের (৪৬) ও নূর ইসলাম (৪৫) রয়েছেন। গুরুতর আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহ আলমের ছেলে সবুজ হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতের বাবা চাঁদ আলী জানান, আহত অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সলঙ্গা থানার ওসি মো. ইমাম জাফর বলেন, এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

সর্বশেষ খবর

অন্যান্য ক্যাটাগরি