Skip to main content

Brick Lane News

নতুন করে আবারও ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল

নতুন করে আবারও ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরানে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, নতুন দফার অভিযানে ইরানের মিসাইল লঞ্চারগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে তেহরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়। সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ইরানি হামলার খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিভিন্ন স্থাপনায় মিসাইল ও ড্রোনের সরাসরি আঘাতের দৃশ্য দেখা গেছে। যদিও এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আঞ্চলিক উত্তেজনা দ্রুত বাড়ছে। ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে অভিযান অব্যাহত রাখবে। অন্যদিকে তেহরানও পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।